Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি সিলেট বিএনপির

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৮

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় নিহত রাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

রোববার (১২ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ দাবি ও সমবেদনা জানান তারা।

বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, অবৈধ সরকারের সীমাহীন জুলুম ও ভোট ডাকাতি উপেক্ষা করে ৩০ জুলাই সিসিক নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে এগিয়ে থাকে। সর্বশেষ ১১ আগস্ট স্থগিত থাকা দুটি কেন্দ্রের পুনর্নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হওয়ায় সিলেটবাসী বিজয় উল্লাসে ফেটে পড়েন। বিজয় মিছিল শেষে মেয়রের বাসা থেকে বের হওয়ার সময় সরকারের মদদপুষ্ট কতিপয় সন্ত্রাসী ছাত্রদল নেতা রাজুসহ নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালায়। এতে তিন ছাত্রদল নেতাকর্মী আহত হন। এর মধ্যে রাজু মারা যায়। যা খুবই দুঃখজনক। এমন নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি।

তারা বলেন, সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সিলেট সিটি করপোরশেন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন আরিফুল হক চৌধুরী। এই বিজয়কে নস্যাৎ ও প্রশ্নবিদ্ধ করতে সরকারের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এমন ন্যাক্কারজনক হামলা ঘটানো হয়েছে। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের খোঁজে বের করে গ্রেপ্তার নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.