Sylhet Today 24 PRINT

রাজু হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি সিলেট বিএনপির

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৮

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।  

রোববার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক ন্যক্কারজনক সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রদল নেতা রাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ওই বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকারের সীমাহীন জুলুম ও ভোট ডাকাতি স্বত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত হওয়ায় সিলেটবাসী বিজয় উল্লাসে ফেটে পড়েন। বিজয় মিছিল শেষে নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসা থেকে বের হওয়ার সময় সরকারের মদদপুষ্ট কতিপয় সন্ত্রাসী ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু সহ নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালায়। এতে তিন ছাত্রদল নেতা উজ্জল, লিটন ও রাজু গুরুতর আহত হয়। এর মধ্যে রাজু মারা যায়। যা খুবই দুঃখজনক। এমন নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি।

সিলেট বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী আরিফুল হক চৌধুরীর বিজয়কে নস্যাৎ ও প্রশ্নবিদ্ধ করতে সরকারের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এমন ন্যক্কারজনক হামলা ঘটানো হয়েছে। ধানের শীষের বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকারের নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবেই এই ন্যক্কারজনক হামলা ও হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।

অবিলম্বে এই নৃশংস ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের খোঁজে বের করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.