Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে ২৬টি বোমা মেশিন জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৪ আগস্ট, ২০১৮

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা এলাকায় ধোপাজান চলতি নদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৬টি অবৈধ বোমা মেশিন জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ আগস্ট) সকালে এই অভিযান পরিচালনা করে পুলিশ।

এছাড়া একই দিনে সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার সুরমা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ। এ সময় সদর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ তাঁকে সহযোগিতা করেন।

অভিযানে চলতি নদীর বোমা মেশিন জব্দকরণ অভিযানে নেতৃত্ব দেন ডিবি পরিদর্শক রুকন উদ্দিন, উপপরিদর্শক আমিনুল ইসলাম ও ফারুক আহমদ, সুনামগঞ্জের ডিবি পুলিশ ও পুলিশ লাইনস এর সদস্যবৃন্দ।

সোমবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীর ডলুরা ও কাইয়ারগাঁও এলাকা থেকে এসব বোমা মেশিনসহ নৌকা জব্দ করা হয়। পরে শহরের পুলিশ ফাঁড়ি এলাকায় সুরমা নদীতে জব্দকৃত বোমা মেশিনগুলো রাখা হয়েছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন, ধোপাজান চলতি নদীতে ২৬টি অবৈধ বোমা মেশিন জব্দ করা হয়েছে। আপাতত একটি মামলা নেয়া হয়েছে। অন্যান্য মামলা প্রক্রিয়াধীন আছে। ইব্রাহীমপুর গ্রামের পাশের সুরমা নদীতে বোমা মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বোমা মেশিন বন্ধে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নৌকাসহ অবৈধ বোমা মেশিন জব্দ করেছে। পরিবেশ আইনে মামলা দায়ের হবে। এসব বোমা মেশিন বন্ধে পুলিশ তৎপর রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.