Sylhet Today 24 PRINT

পুরো পরিবারের আইএসে যোগ : ফেঞ্চুগঞ্জের বাড়িতে পুলিশী নজরদারি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৫

সিরিয়া গিয়ে ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দেওয়া পরিবারের সদস্যদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন আব্দুল লতিফ। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাওয়ের বাসিন্দা আব্দুল লতিফ আইএসে যোগ দেওয়া পরিবারটির প্রধান আব্দুল মান্নানের ছোট ভাই। বিবিসির মাধ্যমে পরিবারের বিপথাগামী সদস্যদের এ আবেদন জানান তিনি।

এদিকে এই পরিবারের ১২ সদস্য আইএসে যোগ দেওয়ার ঘটনায় ফেঞ্চুগঞ্জের বাড়িটিতে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নজরদারি শুরু করেছে। এতে বিব্রতকর অবস্থায় পড়েছেন আব্দুল লতিফের পরিবার।

মে মাসে এই মাইজগাঁওতে পরিবারিক বাড়িতে ছুটি কাটিয়ে লন্ডন ফেরার পথে ব্রিটেনের লুটন শহরের বাসিন্দা আবদুল মান্নানের পরিবারের ১২ জন তুরস্কের ইস্তাম্বুল থেকে উধাও হয়ে যায়।

পরে শনিবার ইসলামিক স্টেট দাবি করে পরিবারটি তাদের সাথে যোগ দিয়েছে।

আবদুল মান্নানের ছোট ভাই আবদুল লতিফ - যিনি মাইজগাঁওএর পারিবারিক বাড়িতে থাকেন, তিনি জানান, এ ঘটনায় পুরো পরিবর স্তব্দ হয়ে গেছে।

আবদুল লতিফ জানান, তার পরিবারের যে সদস্যরা আইএসএর সাথে যোগ দিয়েছেন তাদেরকে তারা ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তারা বাংলাদেশে বা ব্রিটেনে যে কোন জায়গাতেই ফিরে আসতে চাইলে সেই দেশের সরকার যেন তাতে সহায়তা করে - সে আবেদনও জানান তিনি।

তবে আব্দুল লতিফ এো জানান, আইএসের কব্জায় একবার যারা চলে যায় তাদের পক্ষে ফিরে আসা সহজ নয়।

তার মতে, তার ভাইয়ের পরিবারের সদস্যদের সিরিয়ায় চলে যাবার কথা নয়, তবে তাদের মধ্যে হয়তো দুএকজন কট্টর ইসলামী মতবাদের কেই আছেন, যার প্ররোচনায় এমনটা ঘটে থাকতে পারে।

এ পরিবারের লোকদের মধ্যে কে কট্টরপন্থায় দীক্ষা নিয়েছে তা নিশ্চিত হতে না পারলেও আবদুল মান্নানের দুই মেয়ের আচার-আচরণ সন্দেহজনক ছিলো বলে জানান আব্দুল লতিফ।

লতিফের কথায়, তারা নিজেরা ধর্মভীরু এবং ধর্ম পালনের ব্যাপারে ঐকান্তিক হলেও দুই ভাতিজীর ঘরের বাইরে সর্বক্ষণ নিকাব পরা, হাত ঢাকার জন্য দস্তানা পরা, এসব তাদের কাছে অস্বাভাবিক মনে হতো।

এ ঘটনা বাংলাদেশে ও বিদেশের সংবাদ মাধ্যমে খবর হবার পর এখন পরিবারের ওপর পুলিশের নিয়মিত নজরদারি হচ্ছে। গোয়েন্দা সংস্থার লোকজন ওই পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করছে। নিয়ে আবদুল লতিফের পরিবার উদ্বিগ্ন।

তারা বলছেন, আবদুল মান্নানের পরিবার সিরিয়ায় চলে যাবার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই, কিন্তু তাদেরকেই সব প্রশ্নের জবাব দিতে হচ্ছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.