গোলাপগঞ্জ প্রতিনিধি | ১৭ আগস্ট, ২০১৮
সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) গভীর রাতে কোন এক সময় এ চুরি সংগঠিত হয়। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকাদক্ষিণ পশ্চিম বাজারস্থ বাদামের চৌমুহনী সংলগ্ন সাদিক এন্টার প্রাইজ ও লাবিবা টেলিকমের টিনের চাল কেটে চুরেরা প্রবেশ করে নগদ টাকা সহ প্রায় দু লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
লাবিবা টেলিকমের সত্বধিকারী নাছির উদ্দীন সাংবাদিকদের জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। শুক্রবার সকালে দোকানে এসে দেখি উপরের টিন কাটা এবং দোকানের আসবাবপত্র এলোমেলো। দোকানে রাখা প্রায় ৭০/৮০ টি মোবাইলসহ নগদ তিন হাজার টাকা চুরেরা নিয়ে গেছে বলে তিনি জানান।
সাদিক এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী সাদিক আহমদ জানান, আমার একটি ল্যাপটপ ও নগদ প্রায় ২০ হাজার টাকা চুরেরা নিয়ে গেছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলির সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।