Sylhet Today 24 PRINT

শমশেরনগর চা-বাগানে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে সভা

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৮ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে 'সুস্থ মাসিক-নিরাপদ জীবন' এই স্লোগানকে সামনে রেখে জাগরণ যুব ফোরাম ও ওয়ান ফর অল এর আয়োজনে 'চা-বাগানের নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ আগস্ট) দুপুরে একই সাথে ঢাকার স্বনামধন্য বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তারগণ সারা দিনব্যাপী চা-বাগানের নারীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

ওয়ান ফর অল-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কামরুন নেছা মিরার নেতৃত্বে ও জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাসের সঞ্চালনায় বিনামূল্যে অনুষ্ঠিত চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন ডা. মো. ফয়জুল ইসলাম, জান্নাতুল মাওয়া, নিশা হক প্রমুখ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব মিয়া, মাসিক চা মজদুর সম্পাদক ও ইউপি সদস্য সীতারাম বিন, মহিলা ইউপি সদস্য নমিতা সিং, রণজিৎ রবিদাস, প্রদীপ পাত্র।

আলাপকালে জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস বলেন, আমাদের ইচ্ছা ছিল শমশেরনগর চা বাগান হাসপাতালে এই অনুষ্ঠানটি করবো। তাতে সব দিক থেকে সুবিধা হতো। কিন্তু চা কোম্পানি অনুমতি দেয়নি। এমন কি চা বাগানের অন্য কোথায়ও এই ধরণের প্রোগ্রাম করা যাবে না বলে জানায়। কিন্তু আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমি আমার বাড়িতে এই অনুষ্ঠান করবো। পারলে বাঁধা দিও। শেষ পর্যন্ত সফলভাবেই অনুষ্ঠানটা করতে পারলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.