নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০১৮
প্রাচীনতম ঈদগাহ হিসেবে পরিচিত সিলেটের শাহী ঈদগাহে লাখো মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
বুধবার (২২ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটে জামাতে নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ রাজনৈতিক দলের নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
টিলায় সবুজে আচ্ছাদিত পরিবেশে শাহী ঈদগাহে ঈদের নামাজে জমায়েত মানুষের সারি পার্শ্ববর্তী কয়েকটি রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে।
সপ্তদশ শতাব্দীতে নির্মিত প্রাচীন ঐতিহ্যের নিদর্শন শাহী ঈদগাহে এবারে ঈদের জামাতে সিলেটের বিভিন্নস্থান থেকে হাজার হাজার মানুষ জড়ো হন।
এছাড়া দরগাহ হযরত শাহজালাল (রহঃ) জামে মসজিদে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৮ টায় ও হযরত শাহপরান (রহ.) মাজারের মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ।
কুদরত উল্লাহ জামে মসজিদে জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ৪৫ মিনিটে।
সিলেট কালেক্টরেট মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায়।
এছাড়াও সিলেট নগরীর বিভিন্ন স্থানে মসজিদ গুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।