নিজস্ব প্রতিবেদক | ২৭ আগস্ট, ২০১৮
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার কাজী শহিদুর রহমানের মোবাইল ফোন নাম্বার 'ক্লোন' করে যাত্রীর সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাধের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্টেশন ম্যানেজার কাজী শহিদুর রহমান বলেন, হুসনেয়ারা লিপি নামে আমার পরিচিত এক নারী রোববার আমার মোবাইল নাম্বারে ট্রেনের টিকিটের জন্য কল করেন। কিন্তু কলটি রিসিভ করেন অন্য আরেক ব্যক্তি। তখন সেই ব্যক্তি আমার সহকর্মী পরিচয় দিয়ে লিপিকে টিকেটের টাকা একটি বিকাশ নাম্বারে পাঠাতে বলে।
তিনি আরো বলেন, যেহেতু এটি আমার সরকারি নাম্বার তাই লিপিও ভেবেছিলেন আমার কোনো সহকর্মীই কলটি ধরেছেন। তাই তিনি টিকিটের টাকা বিকাশ করে পাঠিয়ে দেন।
স্টেশন ম্যানেজার বলেন, অথচ রোববার লিপির নাম্বার থেকে আমার ফোনে কোন কল আসেনি।
তাঁর মোবাইল নাম্বারটি ক্লোন করা হয়েছে অভিযোগ করে শহিদুর রহমান বলেন, এটি সরকারি ফোন নাম্বার হওয়ায় বিষয়টি খুবই উদ্বেগজনক, কারন এই ফোন থেকে আমি অনেক জরুরী নির্দেশনাও দিয়ে থাকি। এই ব্যাপারে সোমবার থানায় আমি একটি সাধারণ ডায়রি করেছি।
ভুক্তভোগি সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা হুসনেয়ারা লিপি বলেন, স্টেশন ম্যানেজারের সরকারি ফোন হওয়ায় আমি মনে করেছিলাম সত্যি উনার সহকর্মী ফোন ধরেছিলেন। কিন্তু টাকা পাঠানোর পর অই বিকাশ নাম্বারটি বন্ধ দেখাচ্ছে।
লিপি বলেন, স্টেশন ম্যানেজারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি আমার কোনো কল পাননি বলছেন। সেই সাথে তার নাম্বার অন্য কারো কাছে ছিলো না বলেও আমাকে জানিয়েছেন।
লিপি বলেন, কয়েকদিন পূর্বে আমার স্বামীও এরকম একটি ফাঁদে পাড়ছেন। তাই নাম্বার যে ক্লোন করা যায় সেটা আমি নিশ্চিত।
এ বিষয়ে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির আলম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবহিত হয়েছি। এই চক্রকে ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।