Sylhet Today 24 PRINT

শিক্ষায় ছেলেমেয়েদের সমতা অর্জনে মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ

গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৮ আগস্ট, ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, বাংলাদেশ ২০৪১ সালে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব সমাজে স্থান করে নিতে চায়। দারিদ্র দূরীকরণ এখন আমাদের একটি বড় চ্যালেঞ্জ। আর দারিদ্র দূরকরণে শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষার্থীদের দেশের জন্য দশের জন্য নিজেদের প্রস্তুত করে ভালো মানুষ হয়ে বিশ্ব সভায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষায় ছেলে-মেয়েদের সমতা অর্জনে বাংলাদেশ ছুঁয়েছে নতুন মাইলফলক। একসময় ছিল অভিভাবকরা মেয়েদের স্কুলে যেতে দিতেন না। তাদের ধারণা ছিল মেয়েরা লেখাপড়া করে কি করবে। এই ধারণা বর্তমান সরকার পাল্টে দিয়েছে। মেয়েদে উচ্চ শিক্ষা লাভের সুযোগ করে দেওয়া হয়েছে। মেয়েরা আজ ছেলেদের সাথে সমান ভাবে লেখাপড়া করছে। সরকারের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের ফলে প্রায় শতভাগ মেয়েরা এখন স্কুলমূখী হয়েছে।

তিনি সোমবার বিকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬০ লক্ষ টাকা ব্যয়ে নতুন একাডেমীক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

শিক্ষামন্ত্রী বিএনপি-জামাত সরকারের সমালোচনা করে বলেন, এরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাষন চাই এই স্লোগান দিয়ে বাংলাদেশকে বার বার বিশ্বের কাছে দুর্নীতিতে প্রথম বানিয়েছিল। তারা আরো বলেছিল, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় গেলে নাকি দেশে মাদ্রাসা থাকবেনা। কিন্তু এই আওয়ামীলীগ সরকারের আমলেই ৬০টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছে। আড়াই হাজার মাদ্রাসায় নতুন ভবন করা হয়েছে। তিনি আগামী সংসদ নির্বাচনে আবারো নৌকার বিজয় সুনিশ্চিত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক জাবেদুর রহমানের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, ঢাকাদক্ষিণ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদ, অধ্যক্ষ শামছুল মৌলা, প্রাক্তন ছাত্র রেদওয়ান হোসেন শিবলু, সালা উদ্দিন সিপার।

অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলী, , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, বাদেপাশা ইউপি আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলিম উদ্দিন বাবলু, উপজেলা আওয়ামীলীগ নেতা ইব্রাহিম আলী, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের এজিএস মনসুর আহমদ, উপজেলা যুবলীগ নেতা ও আমুড়া ইউপি সদস্য তারেক আহমদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাহি সদস্য জাহেদুর রহমান জাহেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন প্রমুখ।

এর পূর্বে শিক্ষামন্ত্রী শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, লক্ষণাবন্দ ইউপির দক্ষিণভাগ এসই উচ্চ বিদ্যালয়ে ৬০ লক্ষ টাকা ব্যয়ে নতুন একাডেমীক ভবনের উদ্বোধন, লক্ষণাবন্দ ইউপির লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষামন্ত্রী লক্ষণাবন্দ ইউপির লক্ষণাবন্দ চক্রবর্তীপাড়া সড়কে ৭৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.