নিজস্ব প্রতিবেদক | ২৮ আগস্ট, ২০১৮
সিলেট-ঢাকা মহাসড়কে বাসচাপায় কামরুল ইসলাম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
স্থানীয়সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লালাবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কামরুল। এসময় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশি হস্তক্ষেপে ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে ওসি খায়রুল ফজল বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।