Sylhet Today 24 PRINT

নীলার বধূ সাজা হলো না

মৌলভীবাজার প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০১৮

আর মাত্র কয়টা দিন পরেই হাতে মেহেদী দিয়ে নববধূর সাজার কথা ছিল নীলার। পরিবারের সবাই মিলে ব্যস্ত ছিলেন আনন্দঘন একটি আয়োজনের। শেষ হয়েছিল বিয়ের কেনাকাটাও। লাল টুকটুকে শাড়ি, আলতা সবই কেনা হয়েছে। অপেক্ষা ছিল আর মাত্র কয়টা দিনের।

সেপ্টেম্বর মাসের ১২ তারিখ নীলার বিয়ে ছিল। যে বাড়িতে প্রতিবেশী, আত্মীয়স্বজন মিলে নাচ গান আর ভুরিভোজ করার কথা ছিল সেই বাড়িতে এখন কান্নার রোল। অঝোরে সবাই চোখের পানি ফেলছে।

ভাই ছোট তাই বিয়ের সব চাপ বাবাকে সামলাতে হবে। অসুস্থ বাবা যেন বিয়ের আয়োজন করতে গিয়ে আরও অসুস্থ না হয়ে পরেন তাই বিয়ের ঝামেলার আগে বাবার চিকিৎসার জন্য গিয়েছেন ঢাকা। বাবার চিকিৎসা করাতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আর ঘরে ফিরলেন না মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা সামিনা নুর নীলা (২৫)।

একই দুর্ঘটনায় তার মা রুবিনা বেগমও (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবা আলফু মিয়া (৬৫) ও ভাই আসিফ (২০)। নীলার আরেক বোন চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন।

জানা যায়, বুধবার দুপুরে ঢাকা থেকে ফেরার পথে বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার রামপুরা নামক স্থানে দ্রুত গতিতে চলা এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে অপর একজন যাত্রীসহ নিহত হন নীলা ও তার মা।

এদিকে দুর্ঘটনার খবর শোনে নীলার স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। সন্ধ্যার পর লাশ আসলে এলাকায় স্তব্ধতা নেমে আসে। লাশকে ধরে কাঁদতে থাকেন প্রতিবেশীরা।

স্থানীয় এক প্রতিবেশী মোনায়েম আহমদ শাদী জানান, আগামী মাসের ১২ তারিখে নীলার বিয়ের দিন তারিখ ঠিক ছিল। রাজধানী ঢাকার উত্তরার এক পরিবারের ছেলের সাথে।

তিনি আরও জানান, নিহতদের জানাজার সময় এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি কারণ নিহতদের পরিবারের বড় মেয়ে ভারতে চিকিৎসার জন্যে গিয়েছেন। তিনি ফিরে এলেই জানাজা ও দাফনের কাজ সম্পন্ন হবে।

শ্রীমঙ্গল থানার এএসআই মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর লাশ এসেছে। নিহতের বাড়িতে ফ্রিজার গাড়িতে লাশ রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.