Sylhet Today 24 PRINT

কাদেরের সাথে বৈঠকে অর্থমন্ত্রীর প্রতি ক্ষোভ আ. লীগ নেতাদের

নিজস্ব প্রতিবেদক |  ৩১ আগস্ট, ২০১৮

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

বৃহস্পতিবার রাতে সিলেট সার্কিট হাউসে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে তাঁরা এ ক্ষোভ জানান।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, রুদ্ধদ্ধার ওই বৈঠকে মূলত ওবায়দুল কাদেরই বক্তব্য রাখেন। তিনি দলকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে বিভিন্ন নির্দেশনা দেন। ফাঁকে ফাঁকে সিলেটের নেতারা তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা জানান।

এসময় কয়েকজন নেতা অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'তিনি সিলেটের সিনিয়র নেতা কিন্তু তাঁর কাছ থেকে দল কোনো সহযোগীতা পায় না। গত সিটি নির্বাচনেও তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।'

নির্বাচনের দিন ভোট দিতে এসে 'কামরান ভালো, আরিফও ভালো'- অর্থমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের প্রসঙ্গ টেনেও তাঁর সমালোচনা করেন কেউ কেউ।

এছাড়া একাধিক নেতা অভিযোগ করেন, দলের সিলেটের শীর্ষ নেতাদের মধ্যে কোন্দল রয়েছে। তাদের কোন্দোলের কারণেই সিটি নির্বাচনে কাঙ্খিত ফলাফল পাওয়া যায়নি। অনেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন বলেও অভিযোগ করেন কেউ কেউ।

সকলের কথা শুনে ওবায়দুল কাদের বলেন- বিগত দিনে সারাদেশের সিটিগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা মেয়র হয়েছেন। ভিন্ন শুধু সিলেট। এক সময় সিলেট আওয়ামী লীগের দূর্গ হিসেবে বিবেচিত হলেও বর্তমানে সিলেটে আওয়ামী লীগের অবস্থান তলানীতে গিয়ে ঠেকেছে। আগে আমরা সিলেটে আওয়ামী লীগের অবস্থান নিয়ে গর্ব করতাম, কিন্তু এখন তা আর নেই।

তিনি আরো বলেন- এই সিটি নির্বাচনে কে কি করেছেন, সকল তথ্যই আমাদের কাছে আছে। আরো তথ্য আমরা সংগ্রহ করছি। জাতীয় নির্বাচনের আগে এগুলো কাটিয়ে উঠুন নাইলে আরো বিপদে পরবেন।

এসময় জাতীয় সংসদ নির্বাচেনর আগে সিলেটের বিভিন্ন উপজেলা আওয়ামী লীগকে আরো চাঙ্গা করার জন্য নেতাদের নির্দেশ দেন তিনি।

এই বৈঠকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি পুণর্গঠন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হলেও এরকম কোনো আলোচনা হয়নি বলে বৈঠকে উপস্থিত নেতারা জানিয়েছেন।

সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামিম ও খালিদ মাহমুদ চৌধুরী।

এরআগে বিকেলে নগরীর রেজিস্টারি মাঠে মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাদের। ওই সভা শেষেই দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.