Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে নিজের দুই সন্তানকে গলা কেটে হত্যা করে মা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা নিজের সন্তানদেরকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

নিহত মায়ের নাম হাদিসা বেগম। দুই সন্তানের মধ্যে দুই বছর বয়সী কন্যা মীম ও সাত মাস বয়সী ছেলে মুজাহিদুল ইসলাম।

ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল জানান, নিজনগর গ্রামে রাতে স্থানীয়রা ঘরের ভেতরে দুই শিশুর লাশ ও রশি দিয়ে ফাঁস লাগানো একজনকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শিশুদের বাবা স্থানীয় বাজারে ব্যবসা করেন। তার নাম মুজিবুর রহমান।

মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম রাজু আহমেদ জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে কি কারণে ঘটনা ঘটেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.