গোলাপগঞ্জ প্রতিনিধি | ০১ সেপ্টেম্বর, ২০১৮
সিলেটের গোলাপগঞ্জে দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরের ও মাঠের পানি নিষ্কাশনের দাবিতে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
শনিবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জকিগঞ্জ সড়কের দাড়িপাতন চত্বরে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে সড়কের দুদিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন গাড়িতে থাকা সাধারণ যাত্রীরা।
জানা যায়, উপজেলার পৌর এলাকার দাড়িপাতনে জালালাবাদ গ্যাস ফিল্ডের নবনির্মিত তেল-গ্যাস কূপের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে অল্প বৃষ্টির কারণে দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়ে পড়ে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ পেট্টো-বাংলা ডিজিএম, গোলাপগঞ্জ পৌরসভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একাধিক আবেদন করলেও কোন সুরাহা হয়নি। এতে করে দীর্ঘ দিন থেকে বিদ্যালয়টিতে পাঠদান ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখা।![]()
বিগত দেড় বছর ধরে এমন অবস্থা চলতে থাকলেও গত ৬ মাস থেকে প্রতি মাসে একাধিকবার বিদ্যালয়টি পানিবন্দী হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।
শুক্রবারের টানা বৃষ্টিতে বিদ্যালয়ের ৬টি ক্লাস রুম ও অফিস কক্ষে পানি উঠে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল হক চৌধুরী ও জালালাবাদ গ্যাস ফিল্ড কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে ব্যারিকেড তুলে নেওয়া হয়।
এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল হান্নান জানান, শুক্রবার টানা বৃষ্টির ফলে বিদ্যালয়ের ক্লাসে পানি ঢুকে যায়। এতে শনিবার শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি। একাধিকবার জালালাবাদ গ্যাস ফিল্ড কর্তৃপক্ষকে জানালেও এর কোন সমাধান করা হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন।