Sylhet Today 24 PRINT

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৮

বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের গণমানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার প্রকৃত স্বাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার হাতে গড়া বিএনপি প্রতিষ্ঠার ৪০ বছর ধরে গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। বর্তমান অবৈধ ক্ষমতাসীন সরকারের বাকশালী শাসনে ক্ষত-বিক্ষত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেয়ায় তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েশি রায়ে কারাগারে আটকে রাখা হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

এসময় বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, তারুণের অহংকার দেশনায়ক তারেক রহমানকে রাজনীতির ময়দান থেকে সরাতে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা প্রদান করা হয়েছে, একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। বেগম খালেদা জিয়া ও বিএনপিকে মাইনাস করে একতরফা নির্বাচন দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি পুনরায় গদি দখলের সুদূরপ্রসারী ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকামী জনতা তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ রয়েছে। দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেশনায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরবেন।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডা. শামীমুর রহমান, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, শাহাব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, কোষাধ্যক্ষ ডা. আরিফ আহমদ মোমতাজ রিফা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন।

খন্দকার আব্দুল মুক্তাদির তার বক্তব্যে বলেন- দেশ ও জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী বাকশালী সরকার গণতন্ত্রকে ধ্বংস করতেই পরিকল্পিতভাবে সংকট সৃষ্টি করছে। রাজনৈতিক মোকাবেলায় ব্যর্থ হয়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার ফরমায়েশি রায়ে কারান্তরীণ করে রেখেছে। ইতিহাস সাক্ষী আওয়ামীলীগ ও গণতন্ত্র এক সাথে চলেনা। বিএনপি গণতন্ত্রকে সুসংহত করে আর আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে। বাকশালী সরকারের হাতে মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। তারা দেশে বাকশাল কায়েম করে লুটপাটের মহোৎসব চালাচ্ছে। এদের হাতে ক্ষমতা থাকা মানে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে রাখা। তাই গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বৃহত্তর স্বার্থে বাকশালী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। জনতার বিজয় নিশ্চিত এবং খুবই নিকটে।

সভাপতির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন- আওয়ামী লীগ সকল দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে সকল দলের রাজনীতির পুনঃপ্রবর্তন করে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করেন। প্রতিষ্ঠার ৪০ বছরে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই বাকশালী সরকার বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলায় আটকে রেখেছে। তারা জানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তাদের পালানোর পথ বন্ধ হয়ে যাবে। তাই তারা আবারো একতরফা নির্বাচনের পথ খুঁজছে। কিন্তু তাদের সেই স্বপ্ন বাংলাদেশে আর পূরণ হবেনা। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাথে নিয়েই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে জনগণ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.