সিলেটটুডে ডেস্ক | ০১ সেপ্টেম্বর, ২০১৮
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ওসমানী জাদুঘর এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১ সেপ্টেম্বর) কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য র্যালি, ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা পাঠ, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সন্দীপ কুমার সিংহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান। বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার ড. শিহাব শাহরিয়ার এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘর সিলেটের পরিচালক ড. মোস্তফা শাহজামান চৌধুরী, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ওসমানী স্মৃতি ট্রাস্ট সিলেট এর ট্রাস্টি স্পেশাল পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, স্টেশন ক্লাব লিমিটেড সিলেট এর সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি ইয়াকুতুল গণি ওসমানী, বীর প্রতীক আব্দুল মালিক, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের শিক্ষা অফিসার সাইদ সামসুল করীম এর পরিচালনায় বক্তারা বলেন, বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী আমাদের গর্ব, আমাদের অহংকার। আমাদের গৌরবময় মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অসামান্য অবদান এবং সফল ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী ১৯৭১-এ সশস্ত্র মুক্তি সংগ্রামে অসাধারণ অবদান রেখেছেন। এ দেশ, এ জাতি তাঁর কাছে অপরিশোধযোগ্য ঋণে আবদ্ধ।
মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে আমাদের শপথ হবে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্ম গড়ে উঠুক এবং তাঁর জীবন ও আদর্শ হোক আমাদের স্বপ্ন।
শুরুতে পবিত্র কোরআন থকে তেলাওয়াত করেন মোহাম্মদ নাজিম খান এবং অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ওসমানী জাদুঘরের সহকারী কিপার জিয়ারত হোসেন খান।