Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু, চার জনকে ঢাকায় প্রেরণ

বিশ্বনাথ প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের বিশ্বনাথে একই পরিবারের ৬জন অগ্নিদগ্ধের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ চম্পা বেগম (৪৫) রোববার ভোর ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি উপজেলার অলংকারী উনিয়নের রহিমপুর পূর্বপাড়া (রামপুর) গ্রামের ফারুক মিয়ার স্ত্রী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ছেলে রাজু আহমদ। অগ্নিদগ্ধ বাকি চারজনকেও ঢাকায় প্রেরণ করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে নিজ বসতঘরে অগ্নিকান্ডে গুরুতর আহত হন চম্পা বেগম, তার স্বামী ফারুক মিয়া (৫০), মেয়ে রিফা বেগম (১৮), পুত্র এমাদ উদ্দিন (১৪), ইমরান আহমদ (১২) ও নিজাম উদ্দিন (১০)। ঘটনার পর তাৎক্ষণিকভাবে আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এসময় চম্পা বেগম ও তার মেয়ে রিফা বেগমের অবস্থা আশংকাজনক হলে চিকিৎসকের পরামর্শে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি চিকিৎস্যাধিন অবস্থায় চারদিন পর মৃত্যুবরণ করেন।

পাশাপাশি শনিবার রাতে নিহতের স্বামী ফারুক মিয়া, পুত্র এমাদ উদ্দিন, ইমরান আহমদ ও নিজাম উদ্দিনকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে নিহতের ছেলে রাজু আহমদ দাবি করেন তার পরিবারের সবাইকে হত্যার উদ্দেশ্যে রাতের অন্ধকারে বসত ঘরে অগ্নি সংযোগ করা হয়েছে। আর এই অগ্নিকান্ডে আহত হয়ে তার মা চম্পা বেগম মারা গেছেন। তার বোনসহ বাকি ৫জনের অবস্থাও আশংকাজনক। তিনি পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে এই অগ্নিকান্ডের রহস্য উদঘাটনের দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.