Sylhet Today 24 PRINT

চাঁদাবাজির অভিযোগে ছাতক প্রেসক্লাব সেক্রেটারি গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আনোয়ার হোসেন রনিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার আলমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

তিনি জানান, আনোয়ার হোসেন রনির বিরুদ্ধে ছাতক থানায় গোলাম মোস্তফা নামে এক ট্রাফিক সার্জেন্ট বাদি হয়ে ৩ সেপ্টেম্বর (সোমবার)  ৩৮৫/৫০৬ ধারায় একটি চাঁদাবাজির মামলা (নং-৭) দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করে ছাতক থানা পুলিশ।

তিনি আরো জানান, গতরাতে গ্রেপ্তারের পর তাকে সকালে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে রনিকে গ্রেপ্তারের ঘটনায় সুনামগঞ্জ ও ছাতকের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।

ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন রনিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, এরকম ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে তার মুক্তি দাবি করেন।

স্থানীয় কয়েকজন সাংবাদিকদের দাবি সম্প্রতি আনোয়ার হোসেন রনি ‘ছাতকের ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় পুলিশ প্রশাসন ক্ষুব্ধ হয়ে রাতারাতি মামলা করে তাকে গ্রেপ্তার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.