Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

উদ্বোধনী খেলায় কমলগঞ্জ পৌরসভা ১-০ গোলে রহিমপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কমিটি ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, প্রধান শিক্ষক মোশাহিদ আলী ও সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার নবাগত ওসি মো. আরিফুর রহমান, কমলগঞ্জ থানার বিদায়ী ওসি মো. মোক্তাদির হোসেন পিপিএম ও কমলগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

টুর্নামেন্টের শুরুতেই কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, পালকীছড়া সিডিএসপি বিডি-৪০৯ খ্রিস্টান মিশনের শিক্ষার্থী, স্কাউট ও গার্লস গাইড সদস্যরা শারীরিক কসরত প্রদর্শন করে। কমলগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন মিলিয়ে ১০টি দল নিয়ে কমলগঞ্জে এ টুর্নামেন্ট শুরু হয়।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অতিথি অধ্যাপক মো. রফিকুর রহমান অতিথিদের নিয়ে মাঠে প্রবেশ করে প্রথমে উদ্বোধনী দল কমলগঞ্জ পৌরসভা ও ১নং রহিমপুর ইউনিয়ন দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি ফুটবলে কিক দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.