Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দুই ছিনতাইকারী আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১০ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিউলী দেব নামের এক ডাক্তারের ব্যাগ ছিনতাই করে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। রোববার (৯ সেপ্টেম্বর) রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের ১নং ব্রিজ সংলগ্ন এবি ব্যাংক এর সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

তিনি জানান, ছিনতাইকারীরা শিউলী দেব নামের এক ডাক্তারের ব্যাগ ছিনতাই করে সিএনজি যোগে পালিয়ে এমন খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক ও ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি (মৌলভীবাজার-থ ১২-০৫১৬) জব্দ করে। এসময় এদের সাথে থাকা অপর একজন পালিয়ে যায়।

এ বিষয়ে ডা. শিউলী দেব সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান,  বিসিএস এর ভাইভা পরীক্ষায় জন্য সার্টিফিকেট সত্যায়িত করে বাসায় ফেরার পথে চলন্ত রিক্সা থেকে ব্যাগটি ছিনতাইকারীরা ছিনিয়ে নেয়। ব্যাগটিতে জরুরী কাগজপত্র ও মূল সনদপত্র থাকায় আমি চিৎকার দিলে পাশে থাকা পাঞ্জেরী ক্লাবের সভাপতি মানিক মিয়া মোটর সাইকেলযোগে ছিনতাইকারীদের সিএনজি ধাওয়া করে  শ্রীমঙ্গল থানা পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় মৌলভীবাজারের নিতেশ্বর এলাকা হতে সিএনজি চালকসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃত ছিনতাইকারীরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার তেরগাঁও গ্রামের কাছাই মিয়ার ছেলে সামসুল হক (২৩) এবং সিএনজি চালক মৌলভীবাজার জেলার পশ্চিম ধরকাপন গ্রামের আলমগীর মিয়ার ছেলে শাকিল মিয়া (২৪)।

ওসি নজরুল জানান, ছিনতাইকারীদের ধরার পর তাদের কাছ থেকে ছিনতাইকৃত ব্যাগ, মোবাইল ফোন, নগদ টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.