Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

জামালগঞ্জ প্রতিনিধি |  ১০ সেপ্টেম্বর, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।।

সোমবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার সুরমা নদীর চানপুর ব্রিজের নীচে মাছ ধরার সময় এ ঘটনাটি ঘটে।

নিহত মো. শাহ জালাল(২২) জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামের মো. আব্দুল আলীর ছেলে। আহতরা হলেন- একই গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে আল আমীন (৩০) ও পাশের নয়াহালট গ্রামের মো. শাহ জামাল(৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় জামালগঞ্জ-সেলিমগঞ্জ রাস্তার পাশে সুরমা নদীর চানপুর ব্রিজের নীচে কোণা জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ বৃষ্টিপাতের শুরু হলে বজ্রপাত ঘটলে মো. শাহ জালাল ঘটনাস্থলেই নিহত হন এবং সাথের অপর দুজন আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ জালালকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের চিকিৎসা চলছে।

জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাজিব মাহমুদ বলেন, মাছ ধরতে গিয়ে নয়াহালট খালে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.