Sylhet Today 24 PRINT

‘শিল্পোন্নয়নে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বিজ্ঞানের গুরুত্ব ব্যাপক’

অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ খান বলেছেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনে ব্যাপক আগ্রহ বাড়ায়। রাষ্ট্রীয় বা সামাজিক পর্যায়ে একজন শিক্ষার্থীকে বিজ্ঞানের গুরুত্ব বুঝতে বিজ্ঞান মেলার প্রয়োজনীয়তা অপরিসীম। সভ্যতা ও সমৃদ্ধি মানুষের অবিস্মরণীয় সাফল্য যার প্রধান অংশ বিজ্ঞান।

সোমবার (১০ সেপ্টেম্বর) সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে দুই দিনব্যাপী চতুর্থ অভ্যন্তরীণ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, যুগান্তকারী পরিবর্তনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব মানব কল্যাণে অপরিসীম। অজানাকে জানার অশেষ সাধনার ফল বিজ্ঞান যার অর্থ বিশেষ জ্ঞান। কেবল গতিশীল সময়ের প্রয়োজনে বিজ্ঞান নয়, জাতীয় শিল্পোন্নয়নে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এর গুরুত্ব ব্যাপক।

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সহকারী শিক্ষা অফিসার নাজমা বেগম, সহকারী বিদ্যালয় পরিদর্শক হেপী বেগম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগম ও নুসরাত হক, বিজ্ঞান মেলা কমিটির আহ্বায়ক মো. রেজাউল করিম প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা ইসলাম শায়লা ও তাহমিদা ফাতেমা চৌধুরীর যৌথ পরিচালায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চৌধুরী তাহসিন হাবীব নিহা, গীতা পাঠ করেন ইন্দ্রিলা নাথ ঐশী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.