Sylhet Today 24 PRINT

ছাত্রলীগ নেতার উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০১৮

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আবু তাহের নাহিনের উপর থেকে মামলা প্রত্যাহার এবং চাঁদাবাজি মামলার প্রধান আসামি আকবর আলী ফখরসহ পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি গোলাপগঞ্জ চৌমুহনী থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে এক পথসভায় মিলিত হয়।

পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনা মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমদ খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহিন আহমদ খাঁন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, জাবেদ মাহমুদ, উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান কামিল, হোসেন আহমদ, চয়ন চন্দ্র, কাওছার, মাহমুদ আহমদ, মামুন, রাশেদ, রেজা, পৌর ছাত্রলীগের মাহবুব, ছানি, সৌমিক আহমদ ,জাকির, অপু খাঁন বদই, ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র সহসভাপতি ফয়জুল হক ফয়জু, যুগ্ম সম্পাদক নাহিদুজ্জামান, যুগ্ম সম্পাদক কমল কান্তি শর্মা প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগ নেতা আবু তাহের নাহিনের উপর থেকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং চাঁদাবাজি মামলার প্রধান আসামি আকবর আলী ফখরসহ পলাতক সকল আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ছাত্রলীগ নেতা আবু তাহের নাহিন সিলেট এমসি কলেজের একজন মেধাবী শিক্ষার্থী ও গোলাপগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী। তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গেল কোরবানির পশুর হাটে চাঁদা চায় উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক আকবর আলী ফখর ও তার লোকজন। ফখরকে ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের উপর হামলা চালায়। এ সময় তার লোকজন পশুর হাটের ইজারাদার ও ক্রেতা-বিক্রেতাদের টাকাপয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে আবু তাহের নাহিনের পিতা বাজারের ইজারাদার হাজী আব্দুল কাদির ফখররকে প্রধান আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ ফখরের বাড়ী থেকে দেশিয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করে। বর্তমানে মামলার প্রধান আসামিসহ অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন। পরে ফখর কোন উপায় না পেয়ে তার লোক দিয়ে ছাত্রলীগ নেতা আবু তাহের নাহিনের উপর মিথ্যা মামলা দায়ের করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.