Sylhet Today 24 PRINT

সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রচারণায় সিকৃবি ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক |  ১২ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটে নিরাপদ সড়ক নিশ্চিত করণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার প্রচারণায় নেমেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রলীগ। বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিকৃবি ছাত্রলীগ কর্মী নাজনিন নাহার বিপার উদ্যোগে ও নিজের অর্থায়নে লিফলেট বিতরণ ও পোস্টারিং করা হয়। এসময় বিপার সাথে সিকৃবি ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মীকে দেখা যায়।

এদিন দুপুর তিনটায় নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে তারা তাদের জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা শুরু করে চৌহাট্টা, দরগা গেইট, আম্বরখানা, শাহী ঈদগাহ, টিলাগড়সহ বিভিন্ন পয়েন্টে রাস্তায় হেটে হেটে পথচারী যাত্রী এবং চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা। এসময় তারা পথচারীদের চোখে পড়ার মত কয়েকটি যায়গায় জনসচেতনতামুলক পোস্টারও লাগান।

লিফলেট ও পোস্টারে যাত্রী ও চালকদের উদ্দেশ্যে গাড়ী চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা পরিহার করুন, চালকের লাইসেন্স নিশ্চিতকরণ, গাড়ী চালানোর সময় ওভারটেকিং করবেন না, ট্রাফিক সিগনাল মেনে চলুন এবং নির্দিষ্ট গতিতে গাড়ী চালানসহ বেশ কিছু সচেতনতামুলক তথ্য দেওয়া ছিল।

প্রচারণাকালে চৌহাট্টা পয়েন্টে তাদের মধ্যে কয়েকজনকে দেখা যায় হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তাদের সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করতে। এসময় সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও দেখা যায় তাদের সহযোগিতা করতে।

এ প্রসঙ্গে উদ্যোক্তা নাজনিন নাহার বিপা সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, এ নিরাপদ সড়কের দাবি আমাদের সকলের। এর এজন্য চাই জনসচেতনতা। তাই আমি আমদের কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রলীগের পক্ষ থেকে নিজ উদ্যোগে বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মীকে নিয়ে এই জনসচেতনতা তৈরিতে রাস্তায় নেয়ে লিফলেট বিতরণ ও পোস্টারিং করছি।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রলীগের কর্মী আল মামুন, মনির হোসেন, আশিকুর রহমান, আমিনুল হক তানিম, তানজিম সাফোয়ান, সাইদুর জামান ধ্রুব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.