Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে এস্কেভেটর জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের জৈন্তাপুর উপজেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি এস্কেভেটর জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নিজপাট ইউনিয়নের সারীঘাট ডৌডিক গ্রামে সাবেক নিজপাট ইউপি সদস্য আব্দুল্লাহ মিয়ার বাড়ির পাশে পাহাড় কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, পাহাড়খেকো চক্রের সদস্য দীর্ঘ দিন থেকে উপজেলার বিভিন্ন স্থানের পাহাড় টিলা কেটে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান পলাশের নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানার এসআই হাবিবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় পাহাড় কাটার দায়ে হরিপুর এলাকার কালা মিয়ার মালিকানাধীন এস্কেভেটরটি জব্দ করা হয়। এ সময় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আব্দুল্লাহ মিয়া দীর্ঘ দিন থেকে হরিপুরসহ উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ও টিলা রকম ভূমি এস্কেভেটরের সাহায্যে কেটে মাটি ক্রয়-বিক্রয় করে আসছেন। সাবেক এই ইউপি সদস্য আইনকে তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে দীর্ঘ দুই বৎসরের বেশি সময় নিজবাড়ী ও তৎসংলগ্ন এলাকার পাহাড় কেটে পরিবেশের ওপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। এছাড়া সরকার দলীয় নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না। প্রশাসনের অভিযানকে তারা স্বাগত জানান এবং এস্কেভেটেরটি না ছাড়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ অভিযানের কথা স্বীকার করে প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে পাহাড় কাটায় ব্যবহৃত এস্কেভেটর জব্দ করেছি এবং পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.