নিজস্ব প্রতিবেদক | ১৪ সেপ্টেম্বর, ২০১৮
সিলেট নগরীর তালতলা এলাকায় অবস্থিত ঘোষ ফার্মেসিতে হামলা ও ভাঙচুর করেছে ওই এলাকার পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শুক্রবার দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঘোষ ফার্মেসিতে একটি থার্মোমিটার কেনাবেচাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পার্কভিউ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও ছাত্ররা উত্তেজিত হয়ে ওই ফার্মেসিতে হামলা চালায়। এ সময় ফার্মেসির সামনের গ্লাস ভাঙচুর ও কর্মচারীদের মারধর করা হয়। পরে স্থানীয় ব্যবসায়ী ও হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ঘোষ ফার্মেসির স্বত্বাধিকারী অপু ঘোষ জানান, ইন্টার্ন চিকিৎসকরা একটা থার্মোমিটার কেনার কথা বলে সেটা ফার্মেসির সামনেই ব্যবহার করে। এ সময় ফার্মেসির এক কর্মচারী সেটা আর ফেরত নেয়া যাবে না বলে জানালে ইন্টার্ন চিকিৎসকরা উত্তেজিত হয়ে হামলা চালায়।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই হাবিবুর রহমান বলেন, একটি থার্মোমিটার কেনাবেচাকে কেন্দ্র করে পার্ক ভিউ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ওই ফার্মেসিতে হামলা চালায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।