Sylhet Today 24 PRINT

পরিচ্ছন্ন দেশ গড়তে স্বেচ্ছাশ্রমে সিলেটে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

‘দেশটাকে পরিষ্কার করি’ এই আহ্বানে সিলেট নগরীতে পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে শতাধিক স্বেচ্ছাসেবী। ‘পরিবর্তন চাই’ নামক সামাজিক সংগঠনের উদ্যোগে শনিবার নগরীর ক্বিনব্রিজ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ছয়টি পয়েন্টে সংগঠনের কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। শতাধিক স্বেচ্ছাসেবী অভিযানে অংশ নেন।

‘পরিবর্তন চাই’ নামক সংগঠনের কর্মীরা পলিথিন, কাগজ, সিগারেটের টুকরো, বোতল প্রভৃতি জিনিস কুড়িয়ে ডাস্টবিনে ফেলেন। এসময় তারা পথচারী ও সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার অনুরোধ জানান। ময়লা-আবর্জনা যাতে ডাস্টবিনে ফেলা হয়, সে বিষয়ে উদ্বুদ্ধ¦ করেন তারা।

পরিচ্ছন্নতা অভিযান শেষে সমাপনী অনুষ্ঠানে পরিবর্তন চাই-এর সিলেট জেলা কমান্ডার আতিক রহমানের সঞ্চালনায় বিভাগীয় সমন্বয়ক বাদশা মিয়া সিটি করপোরেশনের মেয়রের উদ্দেশ্যে স্মারকলিপির মূল অংশ পাঠ করে শোনান। এই স্মারকলিপি মেয়রের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, বিশেষ অতিথি ছিলেন আমেরিকান কর্ণার সিলেট-এর পরিচালক মোস্তফা কামাল প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীরা শপথ গ্রহণ করেন। তাদের শপথ ছিল এরকম- ‘আমি শপথ করছি যে, সর্বদা কেবল ডাস্টবিনে ময়লা ফেলব এবং অন্যদেরও কেবল ডাস্টবিনে ময়লা ফেলতে উদ্বুদ্ধ করবো। চলার পথে ময়লা ফেলার প্রয়োজন হলেও সেগুলো সাথে নিয়ে নিজ দায়িত্বে কেবল মাত্র ডাস্টবিনে ফেলব। যেখানে সেখানে কখনোই থুথু ফেলবো না। উন্মুক্ত স্থান, বনাঞ্চল, জলাশয়ের পরিবেশ বিনষ্ট হয়, এমন কাজ কখনো করবো না। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি যে আমি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়তে সদা সচেষ্ট থাকব। আমিন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.