Sylhet Today 24 PRINT

শমশেরনগর চা-বাগানে সচেতনতামূলক সভা ও বিনামূল্যে চিকিৎসা শিবির

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে মেয়েদের মাসিক স্বাস্থ্য সমস্যা ও বুকের দুধ খাওয়ানো শীর্ষক দিনব্যাপী এক সচেতনতামূলক সভা ও বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ সেপ্টেম্বর) ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে ইয়থ ফর দি ন্যাশন (তরুণ ডাক্তারদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন) ও চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের যৌথ আয়োজনে সকাল ৮টায় সচেতনতামূলক সভা ও পরে বিকাল ৩টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

ঢাকার গণ-স্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের স্বনামধন্য ১৯ জন চিকিৎসক আলোচনায় অংশগ্রহণসহ আগত ৩০০ রোগীকে দেখে নামমাত্র ফি-তে বিনামূল্যে ঔষধও বিতরণ করেন।

ঢাকা থেকে আগত ডাক্তাররা হলেন, ডা. মামুনুর রশীদ, ডা. আসলাম সরকার, ডা. মোহাম্মদ নাঈম, ডা. নাজমুল ইসলাম, ডা. আতাউর রহমান, ডা. মো. জাকির হোসেন, ডা. মোহাম্মদ ইরফান, ডা. হাসান আল মামুন, ডা. খোয়াইব হাসান, ডা. মো. ফেরদৌস আলম, ডা. কে এম শরিফুর রহমান, ডা. এনায়েত উল্যা শরীফ, ডা. সাইফ শরীফ, ডা. এম এ রহিম, ডা. কৌশিক, ডা. সুজা আলম, ডা. রাশেদুল ইসলাম, ডা. মামুন রশীদ ও ডা. শরীফ।

স্বাস্থ্য সচেতনতামূলক সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা শিবিরের মূল সমন্বয়ক ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলাম জানান, সংগঠনটি দেশের বিভিন্ন জেলায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনা, ক্লিনিক পরিচালনাসহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে। দেশের বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষদের জন্য চিকিৎসা সেবা শিবির করে রোগীদের দেখে বিনামূল্যে ঔষধও বিতরণ করে। এ ধারাবাহিকতায় রোববার কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা শিবির পরিচালিত হয়। আগত নারী রোগীদের পাশাপাশি পুরুষ রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস বলেন, চা-বাগানের স্বাস্থ্যসেবার অবস্থা খুবই নাজুক। চা বাগানের নারীরা অনেকটা অসচেতন বলে তাদের মাসিক সমস্যাসহ নানা সমস্যায় ভোগেন। তাদের সচেতন করে তোলাসহ এই স্বাস্থ্য সেবার জন্য এগিয়ে আসতে ইয়থ অর দি ন্যাশনকে আহ্বান জানানো হয়েছে। আগামীতে ইয়থ ফর দি ন্যাশন ও জাগরণ যুব ফোরাম যৌথভাবে সকল চা-বাগানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.