Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনপি সভাপতির বাসায় পুলিশি অভিযান ও গুলি, আটক ৭

নিজস্ব প্রতিবেদক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসা থেকে  দলের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ সেপ্টেম্বর) নগরীর সোবহানীঘাটের যতরপুর এলাকা থেকে এ নেতাকর্মীদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ। এসময় সেখান থেকে ৩টি মোটর সাইকেল ও ৩টি পাসপোর্ট জব্দ করে পুলিশ।

আটককৃতদের মধ্যে মহানগর ছাত্রদলের জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান মুন্না রয়েছেন। বাকী নেতাকর্মীদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, রোববার সন্ধ্যার দিকে যতরপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসার সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো দেখে সেখানে যায় টহল পুলিশের একটি দল। তখন উপস্থিত নেতাকর্মীদের সাথে পুলিশের বাগবিতণ্ডা হলে পুলিশের উপর চড়াও ছাত্রদল নেতারা।

এসময় পুলিশের উপর হামলা চালায় সেখানে উপস্থিত নেতাকর্মীরা। তখন পুলিশের ব্যবহৃত সিএনজি অটোরিকশাও (সিলেট থ ১২-৭১৬৬) ভাঙচুর করা হয়। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ১২ রাউন্ড গুলি করেছে পুলিশ। এছাড়া সেখান থেকে ৭ জনকে আটক এবং ৩টি মোটর সাইকেল ও ৩টি পাসপোর্ট জব্দ করা হয়েছে বলেও জানান মোশারফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.