Sylhet Today 24 PRINT

বড়লেখায় প্রাথমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নাজিম উদ্দিন

বড়লেখা প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মুহাম্মদ নাজিম উদ্দিন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা পদক (প্রাথমিক বিদ্যালয়) উপজেলা পর্বের বাছাই উপলক্ষে গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় তার নাম ঘোষণা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচনের জন্য এ সাক্ষাৎকার ও বাছাই অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ নাজিম উদ্দিন ২০০৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে প্রবেশ করেন। এরপর পর্যায়ক্রমে তিনি সুফিনগর, সুজাউল, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে শিক্ষকতা করছে। তিনি বড়লেখা পৌরসভাধীন গাজিটেকা গ্রামের মরহুম কুটুচান্দ মিয়া ও খয়রুন নেছার প্রথম ছেলে। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি, খেলাধুলা, রক্তদান ও স্কাউটিং এর সাথে জড়িত রয়েছেন।

আগামী ১৯ সেপ্টেম্বর বুধবার জেলা পর্যায়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তিনি অংশ নেবেন।

একই দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় বাছাই পর্বে শ্রেষ্ঠ শিক্ষিকা, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিক্ষক ও শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত করে। তাঁরা হলেন-মাইজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাহারা সুলতানা (শ্রেষ্ঠ শিক্ষিকা), পৌর শহরের এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বড়লেখা পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপন (শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি), টেকাহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় (শ্রেষ্ঠ বিদ্যালয়), কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারহানা ফেরদৌসি (শ্রেষ্ঠ কাব শিক্ষক) ও কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ রিফাত (শ্রেষ্ঠ কাব শিশু)।

শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হিসাবে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তি ডা. প্রণয় কুমার দেকে মনোনীত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.