Sylhet Today 24 PRINT

বুধবার মৌলভীবাজারে হরতালের ডাক, প্রতিহতের ঘোষণা আ. লীগের

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজার জেলায় সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে বুধবার (১৯ সেপ্টেম্বর) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার। ইতিমধ্যে জেলা শহরের বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে বিতরণ করা হয়েছে লিফলেট। এদিকে হরতাল প্রতিরোধের করার কথা ভাবছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ।
 
সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অর্ধদিবস হরতালের আহবান করে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজারের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।

তিনি জানান, আগামী ১৯ সেপ্টেম্বর বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের কর্মসূচি দেয়া হয়েছে। কিন্তু এই হরতাল নিয়ে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মৌলভীবাজারে। দীর্ঘ দিন থেকে এ জেলায় সরকারি মেডিকেল কলেজের দাবিতে আন্দোলন করছে বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু সনাফের হরতালকে সরকারদলীয় জোট সরকার বিরোধী আন্দোলন হিসেবেই দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও হচ্ছে নানা সমালোচনা।

সরকারদলীয় জোটের বক্তব্য হচ্ছে ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী মৌলভীবাজার এসে মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিয়েছেন। তারপরেও হরতালের মত রাজনৈতিক কর্মসূচি উদ্দেশ্য প্রণোদিত। সামাজিক সংগঠনের কাজ কখনোই জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচির মাধ্যমে হতে পারে না।

মৌলভীবাজার পৌর শহরের বাসিন্দা আব্দুল মোহিত জানান, হরতাল প্রত্যাহার করা উচিত। মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ স্থাপনে সরকার যথেষ্ট আন্তরিক। রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা থেকে এ হরতালের আহবান করা হয়েছে।

মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন করছেন মৌলভীবাজার সম্মেলিত সামাজিক উন্নয়ন পরিষদ। তারা ইতিমধ্যে বিভিন্ন সেমিনারসহ গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর প্রধান সমন্বয়ক খালেদ চৌধুরী জানান, আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে যাচ্ছি মাঠ পর্যায়ে । কিন্তু হঠাত করে কে যারা এই হরতাল ডেকেছে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি কখনো কাম্য নয়।

হরতাল প্রতিরোধের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান বলেন, সচেতন নাগরিক ফোরাম নামের যে সংগঠন তারা সবাই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তারা মেডিকেল কলেজের আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলন করতে চাইছে। তাদেরকে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের এই হরতালকে প্রতিহত করতে বলবো।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের জন্য জেলা আওয়ামী লীগ আন্তরিকভাবে কাজ করছে। স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিয়েছেন।

সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজারের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক জানান, দীর্ঘ দিন থেকে এ জেলায় সরকারি মেডিকেল কলেজের দাবিতে আন্দোলন হচ্ছে। কিন্তু সংশ্লিষ্টদের টনক নড়ছে না। তাই আমরা ধীরে ধীরে কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হচ্ছি।

এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল জানান, শুনেছি এরা সরকারের বিরোধী লোকজন। হরতালের নামে কোন বিশৃঙ্খলার করার সুযোগ তারা পাবে না।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.