Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় গোপন সূত্রে খবর পেয়ে থানার উপপরিদর্শক কামাল হোসেন উপজেলার নোয়াপাড়া সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রুবেল মিয়া (২৯) কে গ্রেপ্তার করে ১৫০ পিস ইয়াবা জব্দ করেন।

গ্রেপ্তারকৃত রুবেল উপজেলার নারাইনপুর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে।

এর আগে উপপরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাঘাসুরা গ্রামে জামাল মিয়ার বাড়িতে ইয়াবা সেবনের আস্তানায় অভিযান চালালে ১১৫ পিস ইয়াবাসহ জামাল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে।

জামাল মিয়া ওই গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে। দীর্ঘদিন থেকে তার বাড়িতে ইয়াবা সেবনের আড্ডা বসছিল।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জামাল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.