Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বাসের ধাক্কায় দুই বিদ্যুৎকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২২ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে বাসের ধাক্কায় পল্লী বিদ্যুতের দুই কর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দু’জন। শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ওসমানীনগর উপজেলার গদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সাঘাটা চন্দনপাট এলাকার সাদেক আলীর ছেলে আব্দুল হাই (৩৫) ও একই উপজেলার কতোয়া গ্রামের আসাদুলের ছেলে রাশেদ আহমদ (২০)। আহত দুজনও পল্লী বিদ্যুতের কর্মী। তারা হলেন- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বাসুদা গ্রামের রজিত আলী (২৮) ও মামুন মিয়া (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের খাম্বা ঠেলা গাড়িতে উঠিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন শ্রমিকরা। ঘটনাস্থলে আসামাত্র শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস (শাহ পরিবহন সিলেট-জ-১১০৩৪৪) ঠেলাগাড়িতে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে চার শ্রমিকের দু’জন মারা যান।

মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে জোনের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা মরদেহ দু’টি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। এছাড়া আহতদের তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি বলেন, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে ফের যান চলাচল শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.