Sylhet Today 24 PRINT

ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের নৈশ উধাও

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৫

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে উদ্বোধনী ফলকে ‘নৈশ’ শব্দটি বাদ পড়েছে। এ জন্য ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবন উদ্বোধন করা হয়। এর আগে উদ্বোধক অর্থমন্ত্রী মুহিতকে ফুল দিয়ে স্বাগত জানান ২০০৬-২০১৫ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা।

উদ্বোধনী ফলক থেকে ‘নৈশ’ শব্দটি বাদ পড়ায় ক্ষুব্ধ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন- সুবিধা বঞ্চিত শিশুদের লেখাপড়ার সুযোগ করে দিতে ‘ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়’ দান ও প্রতিষ্ঠা করা হয়েছিল। তখন থেকে রাত্রিকালীন শিক্ষাদান চলে আসছে এবং সুবিধা বঞ্চিত শিশুরা দিনের কাজ শেষে রাতে গিয়ে এখানে পড়ালেখা করে। সিলেট সিটি করপোরেশন এর ব্যয়ভার বহন করে আসছে। হঠাৎ করে বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধনী ফলকে বিদ্যালয়ের নাম থেকে ‘নৈশ’ শব্দটি বাদ দিয়ে ‘ভোলানন্দ উচ্চ বিদ্যালয়’ লেখার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তারা।

বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফলকটি পুণঃস্থাপনের জন্য জোর দাবি জানিয়েছেন।

বিদ্যালরে প্রাক্তন শিক্ষার্থী সুলাইমান আহমদ সুহেল বলেন, ‘আমরা এই স্কুল থেকে লেখাপড়া করেছি। কিন্তু বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধনী ফলকে বিদ্যালয়ের নাম থেকে ‘নৈশ’ শব্দটি বাদ দেয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।’

এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.