সুনামগঞ্জ প্রতিনিধি | ২৬ সেপ্টেম্বর, ২০১৮
সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি এলাকার ব্যবসায়ী ইয়াকুব হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও আরেক জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১০ জানুয়ারি সদর উপজেলার মাইঝবাড়ি গ্রামের ব্যবসায়ী ইয়াকুব রাতে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন। পথে বদিপুর এলাকায় আসামিরা একটি মেয়ের সঙ্গে কথা কাটাকাটি করছিলেন। এসময় ইয়াকুব এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করে আসামিরা। এতে ঘটনাস্থলেই ইয়াকুব নিহত হন। এ ঘটনায় ইয়াকুবের বড় ভাই হযরত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিচার শেষে বিচারক বুধবার আসামি বাদলকে মৃত্যুদণ্ড এবং শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর আসামি জাকির হোসেনকে খালাস দেওয়া হয়। এসময় আসামিরা এজলাসে উপস্থিত ছিলেন।
আসামি পক্ষে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম, নজরুল ইসলাম ও প্রদীপ কুমার আচার্য।