Sylhet Today 24 PRINT

সিলেটে পুলিশের অভিযানে ভুয়া ইন্স্যুরেন্সধারী ২০ গাড়ির বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট নগরীতে চলাচলকারী ভুয়া ইন্স্যুরেন্সধারী গাড়ির বিরুদ্ধে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সহযোগিতায় অভিযান চালিয়েছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানে ইন্স্যুরেন্সের ভুয়া কাগজপত্র থাকায় ২০টিরও বেশি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর চৌহাট্টা পয়েন্টে ঘন্টাব্যাপি এ অভিযান পরিচালনা করা হয়। মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী কমিশনার পলাশ রঞ্জন দে’র নেতৃত্বে সার্জেন্ট মামুনুর রশিদ ভুঁইয়াসহ ট্রাফিক পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশকে সহযোগিতা করেন সিলেট ইন্স্যুরেন্স ক্লাবের পক্ষ থেকে গ্রীণডেল্টার জগত জ্যোতি ভট্টাচার্য, ফিনিক্স’র অলক শ্যাম, পিপলস’র এনামুজ্জামান, প্রগতি’র দেবাশীষ কুমার সিংহ, এশিয়া প্যাসিফিক’র মো. ফজলুর রহমান, বিজি আইসি’র শেখর দে ও ফেডারেল’র আজীমুদ্দৌলা খান উপস্থিত ছিলেন।

অভিযানে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লি:’র ১১টি, সোনার বাংলা ইন্স্যুরেন্স লি:, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি:, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লি:, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি:’র ভুয়া ইন্স্যুরেন্সের কাগজপত্র জব্দ করা হয়।

ইন্স্যুরেন্সের ভুয়া কাগজধারী গাড়ির চালকরা জানান, পুলিশি মামলা এড়াতে গাড়ির মালিকরা অল্প টাকায় সিলেট কোর্টের আইনজীবী সহকারীদের কাছ থেকে এসব ভুয়া ইন্স্যুরেন্সের কাগজপত্র নেন।

অভিযানকালে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী কমিশনার পলাশ রঞ্জন দে বলেন, সিলেট ইন্স্যুরেন্স ক্লাবের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং ভুয়া ইন্স্যুরেন্সদারীদের ধরতে সহযোগিতার আশ্বাস দেয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানে ২০টিরও অধিক গাড়িতে ভুয়া ইন্সুরেন্সের কাগজপত্র পেয়ে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

ট্রাফিক বিভাগের এই সহকারী কমিশনার জানান, ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অফিস ছাড়া অন্য কোথাও থেকে ভুয়া ইন্স্যুরেন্স করার ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানিগুলো। প্রতারিত হচ্ছেন গাড়ির মালিকরাও। প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি গাড়ির মালিকদের সচেতন করাও এই অভিযানের লক্ষ্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.