নিজস্ব প্রতিবেদক | ২৭ সেপ্টেম্বর, ২০১৮
প্রায় ২০ দিনের ইংল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করবেন আরিফ।
আগামী ৮ অক্টোবর আরিফূল হক মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।
দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পর গত ৫ সেপ্টেম্বর গণভবনে শপথ গ্রহণ করেন আরিফ। এরপর সিলেট না ফিরে ঢাকা থেকে ৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের পাড়ি জমান এই বিএনপি নেতা।
গত ৩০ জুলাই রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন।