শ্রীমঙ্গল প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের শান্তিবাগ এলাকার সাগরদিঘী সড়কে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এ সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের উপপরিদর্শক মো. নোয়াব আলী, শ্রীমঙ্গল উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক হাজী শাহ আলম, দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী প্রমুখ।
বক্তব্যে বক্তারা পর্যটন নগরী শ্রীমঙ্গলের সুকীর্তি ও সমস্যাগুলো তুলে ধরেন। এ সময় তারা বলেন, পর্যটন নগরী হিসেবে ইতোমধ্যে শ্রীমঙ্গল বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। কিন্তু পরিতাপের বিষয় পর্যটন স্পটগুলো সঠিকভাবে দেখভাল হচ্ছে না। পাশাপাশি শ্রীমঙ্গলের পরিবহন সেক্টরগুলোতে টুরিস্টদের সুযোগ-সুবিধার অভাব এবং রাস্তাঘাটগুলোর বেহাল দশা টুরিস্টদের ভ্রমণের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এজন্য যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলোর সমাধান দরকার বলে জানান বক্তারা।