Sylhet Today 24 PRINT

মাধবপুরে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৪

মাধবপুর প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আদালতের আদেশ পালন করতে যাওয়া পুলিশের উপর হামলা চালিয়েছে প্রভাবশালীরা। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মালঞ্চপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাধবপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) কামাল হোসেন ও আলাউদ্দিন, সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) নিজাম উদ্দিন ও ওয়াদুদ এবং নারী কনস্টেবল সাবিনা আক্তার। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, গোলাপের সাথে একই গ্রামের তার চাচাতো ভাই তরু মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ ব্যাপারে মামলা হলে বিরোধপূর্ণ ভূমিতে স্থিতাবস্থা জারি করেন আদালত। ইতিপূর্বেও গোলাপ এবং তার লোকজন জায়গাটিতে ঘর নির্মাণ চাইলে পুলিশ কাজ বন্ধ রাখতে বলে।

বৃহস্পতিবার বিকেলে আবারো ঘর নির্মাণের কাজ শুরু করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের উপর হামলা চালায় গোলাপ এবং তার লোকজন। এতে উল্লেখিত পুলিশ সদস্যরা আহত হন।
 
পরে ওই গ্রামের মানজু মিয়ার ৩ ছেলে আমীর হোসেন গোলাপ (৪৯), ইদ্রিস আলী (৪৫), জুনায়েদ (৩৫) এবং পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের মানিক মিয়া (২৫)কে আটক করে পুলিশ।

এ ব্যাপারে থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন মাধবপুর থানার ওসি চন্দন চক্রবর্তী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.