Sylhet Today 24 PRINT

মাধবপুরে ককটেলসহ জামায়াত-শিবিরের দুই নেতাকর্মী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামে বিএনপি-জামায়াত শিবিরের গোপন বৈঠক থেকে জামায়াত শিবিরের দুই নেতাকর্মীকে ৮টি ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১২টার দিকে খড়কী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল উপজেলার খড়কী গ্রামের নুরুল ইসলামের ছেলে জামায়াত নেতা নজরুল ইসলাম এবং একই গ্রামের আব্দুল আহাদের ছেলে রাসেল (২৬)।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, সরকার উৎখাত ও বিভিন্ন স্থাপনায় নাশকতার উদ্দেশ্যে বিএনপি ও জামায়াত শিবিরের ৫০/৬০ জন নেতাকর্মী খড়কী বিদ্যালয় মাঠে রাতে গোপন বৈঠকে মিলিত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে উদ্দেশ্য করে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ধাওয়া করে উল্লেখিত দুই নেতাকে গ্রেপ্তারসহ ৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। অন্যরা পালিয়ে পায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে মাধবপুর থানার এসআই আব্দুস সাত্তার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মাধবপুর থানায় মামলা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.