Sylhet Today 24 PRINT

হৃদরোগ থেকে বাঁচতে জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে: ডা. মোর্শেদ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেছেন হৃদরোগ থেকে বেচে থাকতে হলে আমাদের জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। সেজন্য প্রয়োজন গণসচেতনতা। বিশ্ব হার্ট দিবসে আমার আপনার সুযোগ এসেছে হার্টকে সুস্থ রাখতে শপথ নেয়ার।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন শরীরের সবচেয়ে বড় এবং মূল্যবান অঙ্গ হচ্ছে হার্ট। সেটি বন্ধ হলে পুরো শরীরের কর্মক্ষমতা বন্ধ হয়ে যায়। হার্টকে সতেজ করে রাখতে হলে প্রতিরোধের উপর গুরুত্ব দিতে হবে যাতে এই রোগ শরীরে বাসা বাঁধতে না পারে।  

আমাদের দেশে হৃদরোগ চিকিৎসার যুগান্তকারী পরিবর্তন এসেছে জানিয়ে তিনি আরো বলেন, চিকিৎসার জন্য দেশে বাইরে যাওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। হৃদরোগের ক্ষতিকর দিক তুলে ধরার ক্ষেত্রে সংবাদকর্মী এবং রাজনীতিবিদদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সভাপতি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এনায়েত উল্লাহ’র সভাপতিত্বে এবং পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদের সঞ্চালনায় শুরুতে কার্যকরী কমিটির সদস্য মো. আব্দুস সাত্তার কর্তৃক কোরআন থেকে তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এম এনায়েত উল্লাহ বলেন বিশ্ব ব্যাপী জনগণকে হৃদরোগ সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো এবং এর ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে উদ্বুদ্ধ করার জন্য বিশ্ব হার্ট দিবসের আয়োজন। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবসটি উদযাপন করছে।

তিনি বলেন হৃদরোগের ঝুঁকি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এই দিবসের মূল লক্ষ্য। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা রোগীর প্রয়োজনের উপর ব্যবস্থা পত্র প্রদান করবেন। অতিরিক্ত ঔষধ না লেখার জন্য ডাক্তারদের পরামর্শ দিয়ে তিনি বলেন চিকিৎসকরা সবসময় রোগীদের কাছে হৃদরোগের ক্ষতিকারক দিক তুলে ধরতে হবে।

এর আগে বিশ্ব হার্ট দিবস এর তাৎপর্য এবং এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. ইকবাল আহমদ, হৃদরোগের ঝুঁকি সম্পর্কে আলোচনায় অংশ নেন কনসালটেন্ট ডা. রাজীব দাস এবং হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে আলোকপাত করেন কনসালটেন্ট ডা. ফারজানা তাজিন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সদস্য এম এ করিম চৌধুরী, কলামিস্ট আফতাব চৌধুরী। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন হাসপাতালের সিইও কর্নেল (অব.) শাহ আবিদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি এস আই আজাদ আলী, কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক আব্দুল মালিক জাকা, ফজলুল হোসেন, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিলেট গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আজিজুর রহমান, এক্সেলসিওর সিলেট এর এমডি সাংবাদিক সাঈদ চৌধুরী, সাংবাদিক ছমর উদ্দিন মানিক, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, আমেরিকা প্রবাসী হাছনা আহমেদ, সাখাওয়াত হোসেন সুহেল, অত্র হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আব্দুল মুনিম চৌধুরী, কনসালটেন্ট ডা. অনিক রায়, কনসালটেন্ট ডা. সুলতানা জাহান, এসএমও ডা. বর্ষা রায় চৌধুরী, এসএমও ডা. মো. এমদাদুল হক চৌধুরী, ডা. ফাতেমা ইমানা নূরী, ডা. বুশরা আল আজীমা, ডা. মো. আশরাফুল ইসলাম এবং ডা. ফারহানা আক্তার হৃদি।

এছাড়াও বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গণমুখী সেমিনারের পূর্বে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল থেকে গণসচেতনতামূলক একটি র‌্যালী বের করা হয়।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.