বিয়ানীবাজার প্রতিনিধি | ২৯ সেপ্টেম্বর, ২০১৮
সিলেটের বিয়ানীবাজার সরকারী কলেজ থেকে বহিরাগতদের বের করে দেয়াকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে পটকা ফুটিয়েছে ছাত্রলীগ। শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনাটি ঘটে। ঘটনার সময় কলেজে বিএ (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল।
এ সময় তিনটি বিষয়ে (ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রসায়ন) প্রায় ৯শত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তখন কলেজের আশপাশে ১৪৪ ধারা জারী ছিল।
বিয়ানীবাজার সরকারী কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলাম জানান, কয়েকজন বহিরাগত ছাত্রলীগ কর্মীকে আমি ক্যাম্পাস থেকে বাইরে বের করে দেই। এ ঘটনায় তারা আমার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। মূলত: আমার উপর রাগ ঝাড়তে তারা কলেজ এলাকায় পটকা ফাটিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে খবর দেয়া হয়। এ ঘটনাটি ছাত্রলীগের একটি পক্ষের নেতাকর্মীরা ঘটিয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগ পল্লব গ্রুপের নেতা জাকির হোসেন ১৫/২০ জন কর্মী নিয়ে কলেজ চত্বরে অবস্থান করেছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা একমাত্র পুলিশ কনেস্টেবল শ্যামল তাদেরকে পাবলিক পরীক্ষা চলছে জানিয়ে বের হতে বললে তারা যায়নি। বিষয়টি উপাধ্যক্ষকে জানানোর পর তিনি এসে তাদের কলেজ চত্বর থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত ছাত্রলীগ কর্মীরা পটকা ফাটায়।
ছাত্রলীগ নেতা জাকির হোসেন বলেন, ছাত্রলীগ কর্মীদের কলেজ থেকে নেমে যাবার জন্য বলার সময় উপাধ্যক্ষ আমাদের সাথে বাজে ব্যবহার করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলেরা ঝামেলা করছে।
বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, কলেজ থেকে অভিযোগ দায়ের করা হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের ১৭ জুলাই বিয়ানীবাজার সরকারি কলেজে শ্রেণী কক্ষের ভিতর গুলিবিদ্ধ হয়ে মারা যান ছাত্রলীগকর্মী খালেদ আহমদ লিটু। ওই দিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে।