Sylhet Today 24 PRINT

‘সুনাম হত্যাকারীরা জামিন পেয়ে দেশ ছাড়তে পারে’

সংবাদ সম্মেলনে পিতার আশঙ্কা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও এখনো অধরা সিলেটের ফেঞ্চুগঞ্জের সুনাম হত্যাকারীরা। মামলার এজাহার নামীয় প্রভাবশালী সন্ত্রাসী শিব্বির মেম্বারসহ আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দেশ ছাড়ার পায়তারা করছে বলে সংশয় প্রকাশ করেছেন নিহতের বাবা আব্দুল আহাদ লেচু মিয়া।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের পর থেকে পুলিশও তাদের খোঁজে পাচ্ছে না। পরস্পর জানতে পেরেছেন, তারা পাসপোর্ট তৈরি করে রেখেছে। শুধু উচ্চ আদালত থেকে জামিন পেলেই দেশ ছাড়া হবে।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত কোরবানির ঈদের পরদিন ২৪ আগস্ট সন্ধ্যায় শিব্বিরের বড় ছেলে নাসিম বাজারে যাওয়ার জন্য সুনামকে ডাকে। সে যায়নি। পরে তার ছোট ছেলে তানিম বাজারে যাওয়ার জন্য সুনামকে ডেকে নিয়ে যায়। পরদিন ২৫ সেপ্টেম্বর উপজেলার ডাকবাংলার একটি পরিত্যক্ত ঘরে সুনামের মরদেহ পাওয়া যায়। তার গলায় ফাঁস দেওয়া ছিল। জখমের চিহ্ন ছিল মুখে ও শরীরের বিভিন্ন স্থানে। পরনের জামা দেখে সুনামের মা কাজল বেগম ছেলে মরদেহ সনাক্ত করেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি হাত মোজাও আলামত হিসেবে জব্দ করে পুলিশ।
 
এ ঘটনায় প্রভাবশালী সন্ত্রাসী শিব্বির ও তার ভাই জুবায়ের আহমদ, ছেলে টুনু মিয়া, নাসিম মিয়া, তানিম মিয়া ও আব্দুস শহীদ দুলু মিয়ার ছেলে রিমন মিয়ার নামোল্লেখ করে অজ্ঞাত ১০ জনকে আসামি দিয়ে ছেলে হত্যার মামলা দায়ের করেন লেচু মিয়া। তবে এ যাবত এজাহার নামীয় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
 
অবশ্য খুনের ঘটনার কিছুদিন পর ঘটনাস্থল ডাকবাংলো ভূমি অফিসের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শিব্বিরের চাচাতো ভাই শামসুজ্জামান শিমু কে গ্রেপ্তার করে পুলিশ। সে হত্যাকাণ্ডে নিজেকে জড়িয়ে আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার বর্ণনা দেয় এবং এজাহার নামীয় ৫ আসামির নাম বলে।

লেচু মিয়া বলেন, ফেঞ্চুগঞ্জের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার শিব্বির গংদের সঙ্গে আগে থেকেই জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একই বাড়ির বাসিন্দা হওয়া স্বত্বে এ নিয়ে মারামারি হয়। আদালতে মামলাও বিচারাধীন। এছাড়া গত মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় ছেলে আকসার মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটি ভালভাবে নেননি শিব্বির। নির্বাচনের পরদিনই আমার সন্তানদের হত্যার হুমকি দেন। ওই নির্বাচনে সুনাম তার ভাইয়ের পক্ষে গণসংযোগ করেছিল।

সুনামের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তার মা কাজল বেগমকে শাসায় শিব্বির। ছেলের জন্য পস্তাতে হবে তার মাকে বলে হুমকি দেয়। যার রেশ হত্যাকাণ্ডের মাধ্যমে পূর্ণ করে সে। তাই হত্যাকারীরা গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা এবং তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে প্রশাসনসহ সকল মহলের সহযোগিতা চেয়েছেন ছেলে হারা এই পিতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.