Sylhet Today 24 PRINT

এবার জকিগঞ্জের পৌর কাউন্সিলর ‘নিখোঁজ’

জকিগঞ্জ প্রতিনিধি  |  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের  জকিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাব উদ্দিন তাপাদার শাকিলকে খোঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। শাকিল শহর যুবলীগেরও আহবায়ক।

শাকিল শুক্রবার রাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন বলে দাবি করছেন তার স্বজনরা। এ ঘটনায় শনিবার দুপুরে জকিগঞ্জ থানায় তার বড় ভাই আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম একটি সাধারণ ডায়রিও করেছেন।

এআর আগে গত ৬ সেপ্টেম্বর জকিগঞ্জ থেকে মাহফুজ আলম নামে এক চিকিৎসক নিখোঁজ হন। মাহফুজের পরিবারের অভিযোগ, ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে গেছে একদল লোক।

শুক্রবার নিখোঁজ হওয়া কাউন্সিলর শাকিলের ভাই নজরুল ইসলাম শনিবার জানান, ‘শুক্রবার রাত সাড়ে ১০ টায় শাকিল রাতের খাবার খেয়ে বিচারে যাচ্ছেন বলে বাড়ী থেকে বেরিয়ে যান। এ রকম প্রায় দিন রাতে বিচারে যান আবার গভীর রাতে বাড়ী ফিরেন। কিন্তু শুক্রবার রাতে বাড়ী ফিরেননি।’

তিনি আরও জানান, ‘শনিবার সকালে আমরা শাকিলের বসতঘরের কক্ষ তালাবদ্ধ দেখে মনে করেছি হয়তো ভোরে আবারো কোথাও বিচারে গেছেন। এরপর মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাই। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাইনি। পরে বুঝতে পারি তিনি রাতে বাড়ীতে ফিরেননি। এ কারণে থানায় সাধারণ ডায়েরি করেছি।’

জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন জানিয়েছেন, কাউন্সিলর শাকিলের পরিবার থেকে জানানো হয়ে তাকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে জানিয়েছি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান, কাউন্সিলারের ভাই নজরুল ইসলাম একটি সাধারণ ডায়রি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.