Sylhet Today 24 PRINT

এখনো সন্ধান মেলেনি জকিগঞ্জের পৌর কাউন্সিলরের

জকিগঞ্জ প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

নিখোঁজের ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোন সন্ধান মেলেনি সিলেটের  জকিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাব উদ্দিন তাপাদার শাকিলের। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০ টায় নিজ বাড়ী থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া এ পৌর কাউন্সিলরের রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত কোন খোঁজ মেলেনি বলে জানান জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার।

নিখোঁজ হওয়া কাউন্সিলর শাকিলের ভাই নজরুল ইসলাম সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০ টায় শাকিল রাতের খাবার খেয়ে বিচারে যাচ্ছেন বলে বাড়ী থেকে বেরিয়ে যান। এ রকম প্রায় দিন রাতে বিচারে যান আবার গভীর রাতে বাড়ী ফিরেন। কিন্তু শুক্রবার রাতে বাড়ী ফিরেননি।

শনিবার সকালে শাকিলের বসতঘরের কক্ষ তালাবন্ধ দেখে পরিবারের সদস্যরা মনে করেন রাতে ঘরে ফেরার পর তিনি হয়তো ভোরে আবারো কোথাও বিচারে গেছেন।

এরপর তার মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পান পরিবারের সদস্যরা। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া না যাওয়াও নিখোঁজের ভাই জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার সিলেটটুডে টোয়েন্টিফরকে জানান, নিখোঁজ কাউন্সিলারের খোঁজে জকিগঞ্জ থানা পুলিশের পরিদর্শকের (তদন্ত) নেতৃত্বে একদল পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

তিনি আরো জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.