Sylhet Today 24 PRINT

‘মজুরি দাসত্বের’ অবসান চায় চা শ্রমিক ফেডারেশন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সভায় বিদ্যমান মজুরি কাঠামোকে ‘মজুরি দাসত্ব’ মন্তব্য করে এর অবসান চেয়েছে সংগঠনটি।

রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার বাসদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন চা বাগানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। বিপ্লব মাদ্রাজির সভাপতিত্বে ও দীপঙ্কর ঘোষের পরিচালনায় প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ।

বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, মৌলভীবাজার জেলার সদস্য সচিব মোজাহিদ আহমদ, শ্রমিক ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সদস্য রাহাত আহমদ, হাছান অনির্বাণ।

বাগান প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, রঞ্জিত গোয়ালা, রতন লাল গড়াই, কাজল, কিরণ বৈদ্য, মতি লাল বৈদ্য,খায়রুন বেগম, সোহরাব, সুশীল রায়,রত্না বৈদ্য প্রমুখ।

প্রতিনিধি সভায় প্রধান বক্তা কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, দীর্ঘদিন থেকে ৩০০ টাকা মজুরির জন্য চা শ্রমিকরা আন্দোলন করে আসলেও মালিক পক্ষ ১০২টাকা নির্ধারণ করেছে। যা শ্রমিকদের সাথে প্রতারণার সামিল। বসত ভিটার স্থায়ী বন্দোবস্ত, বাগানে বাগানে স্কুল নির্মাণ করা সহ অন্যান্য ন্যায় সঙ্গত দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

এসময় তিনি মজুরি বৃদ্ধির আন্দোলনকে মজুরি দাসত্ব অবসান আন্দোলনে পরিণত করার জন্য চা শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.