Sylhet Today 24 PRINT

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতেই ডিজিটাল আইন করেছে সরকার: দিলদার সেলিম

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০১ অক্টোবর, ২০১৮

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম বলেছেন, বর্তমান সরকার জনবিচ্ছিন্ন ও দেউলিয়া হয়ে দিশেহারা হয়ে পড়েছে। তারা বুঝতে পেরেছে দেশের জনগণ তাদের ঘৃণা করে। তাই তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। তারা বিএনপি ও বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় বলেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কাল্পনিক অভিযোগে মাসের পর মাস কারারুদ্ধ করে রেখেছে।

সোমবার (১ অক্টোবর) বিকেল ৩টায় সিলেটের গোয়াইনঘাটের জাফলং রাধানগরস্থ তার নিজ বাড়িতে আসন্ন নির্বাচনের প্রস্তুতিসহ নেতাকর্মীদের সাথে এক কর্মীসভায় তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, সরকারের শীর্ষ মহলের নির্দেশে বাড়িতে বাড়িতে কোন কারণ ছাড়াই হানা দিচ্ছে পুলিশ। প্রতিনিয়তই কাল্পনিক, মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বিএনপির সাধারণ নেতাকর্মীদের। গ্রেপ্তার এড়াতে বিএনপির কোন নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেন না। এরপরও জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম থেকে এক পাও পিছপা হবে না।

সেলিম বলেন, সরকারের দমন নীতির নতুন সংযোজন গণমাধ্যম। গণমাধ্যম আর সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। এ কালো আইনের বেশকটি ধারা অত্যন্ত স্পর্শকাতর, যা স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার অন্তরায়। সাংবাদিকদের পাশাপাশি এ আইন বাতিলে সাধারণ মানুষেরও আন্দোলন করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন সংসদ নির্বাচন করে নিজেদের জনপ্রিয়তা প্রমাণে সরকারের প্রতি আহবান জানান তিনি।

পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম শাহপরান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম স্বপন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক কামরুল আহমদ শেরগুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মতিন প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন, আলীরগাও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান জামান, ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাবুদ্দিন, ডা.নুর মোহাম্মদ, সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রাব্বানী, লেঙ্গুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আলিম উদ্দিন, ডৌবাড়ি ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল হক, সালেক আহমদ, নুরুল হুদা খসরু, আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট কলেজ ছাত্রদল সভাপতি সাদেক আহমদ, সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহিম আল হাসান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.