Sylhet Today 24 PRINT

৭ দফা দাবি বাস্তবায়নে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে: নাসিম হোসাইন

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৮

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, অবৈধ ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে দেশ-জাতি আজ গভীর সংকটে। বাকশালী সরকার বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটকে রেখে সংকটকে আরও গভীর করেছে। এই সংকট মোকাবেলায় বিএনপি ৭ দফা দাবি ঘোষণা করেছে।

সোমবার (১ অক্টোবর) নগরীর জিন্দাবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সিলেট মহানগর বিএনপি আয়োজিত জরুরী প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েশি সাজা বাতিল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার, আটক নেতাকর্মীদের মুক্তি ও সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি ঘোষিত ৭ দফা দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। ৭ দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। বিএনপির কেন্দ্র ঘোষিত ৪ অক্টোবর বৃহস্পতিবারের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সফল করতে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মহানগর বিএনপির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির শাহীন, সহসভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুস সাত্তার, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, বাবু নিহার রঞ্জন দে, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, আলী হোসেন বাচ্চু, এডভোকেট আতিকুর রহমান সাবু, সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ ও মাহবুব চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, কোষাধ্যক্ষ এডভোকেট আবুল ফজল, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, মহানগর মহিলা দল সভানেত্রী জাহানারা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজী, মহানগর ওলামা দল সভাপতি মাওলানা মঈনুদ্দিন ফয়েজ ও সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ আহমদ, মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাবেক ছাত্রনেতা কয়েস আহমদ প্রমুখ।

সভায় ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ৪ অক্টোবর বৃহস্পতিবার মহানগরে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি সফলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.