Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন সাংসদ মজিদ, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৮

হবিগঞ্জ শহরে প্রাতঃভ্রমণ কালে একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মাসুক মিয়া নামে এক ব্যক্তির প্রাণহানি হয়েছে। এসময় নিহত মাসুক মিয়ার সঙ্গে প্রাতঃভ্রমণে থাকা অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপিসহ তিনজন অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

মঙ্গলবার (২ অক্টোবর) সকালে শহরের টাউন হল সড়কের রওশন রেজা অ্যাম্পায়ার নামক শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুক মিয়া জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজম্মুল হক চৌধুরী জানান, সকালে টাউন হল এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি এবং মাসুক মিয়াসহ চারজন হাঁটছিলেন। পথে শপিং কমপ্লেক্সের সামনে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে চাপা দিয়ে পালিয়ে গেলে মাসুক আহত হন।

এসময় লাফ দিয়ে দূরে সরে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান এমপি আব্দুল মজিদসহ বাকি তিনজন। গুরুতর অবস্থায় মাসুককে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। তবে এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.