Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন: শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নতুন মেয়র নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় সাড়ে ২২ হাজার ভোটার।

এর আগে নিয়ম অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টায় নির্বাচনের সব ধরনের প্রচার শেষ করেছেন এই নির্বাচনে মেয়র পদে প্রতিদন্ধিতাকারী ৪ প্রার্থী। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্টিত হবে।গোলাপগঞ্জ পৌরসভায় ২১হাজার ৬শত ৩২জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০হাজার ৯শত ৫৮জন ও মহিলা ভোটার সংখ্যা ১০হাজার ৬শত ৭৪জন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম জানান, মঙ্গলবার দুপুর ১২টায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

নির্বাচনের দায়িত্ব পালনের জন্য ৯জন প্রিজাইডিং অফিসার, ৫৯জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১১৮জন পোলিং নিয়োগ ও প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ৪জন নির্বাহী এবং ১জন জুডিশিয়াল ম্যাজিষ্টেট মাঠে কাজ করবেন। ইতোমধ্যে পৌর এলাকার ৯টি ওয়ার্ড গোয়েন্দা নজরদারীতে রাখা হয়েছে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। পৌর শহরের ভিতর দিয়ে নির্বাচনের ১২ ঘণ্টা পূর্ব থেকে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেয়া হবে বলে তিনি জানান। বিশেষ করে মোটর সাইকেল চলাচলের উপর আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের বিশেষ নজরদারী রয়েছে।

আইন শৃঙ্খলাবাহিনীর মধ্যে পুলিশের ৩টি স্ট্রাইকিং ফোর্স, একটি মোবাইল টিম, ৩ প্লাটুন বিজিবি এবং র‌্যাব সদস্যের ৪টি চৌকস দল মাঠে সার্বক্ষণিক কাজ করছেন।

গত ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.